করিমগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ ১০০ ডায়াবেটিস রোগির মধ্যে গ্লুকোমিটার বিতরণ
আমিনুল হক সাদী :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ১০০ জন দরিদ্র রোগির মাঝে বিনামূল্যে উন্নতমানের ডায়াবেটিস মাপার ডিজিটাল মেশিন গ্লুকোমিটার বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান হানিফ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেহুন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হানিফের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব গ্লুকোমিটার বিতরণ করা হয়। ডায়াবেটিস রোগিদের হাতে এসব গ্লুকোমিটার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী। ইউপি চেয়ারম্যান এম এ হানিফের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, ইউপি সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। ইউপি সচিব বিপ্লব কুমার চক্রবর্তীর সঞ্চালনায় গ্লুকোমিটার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবু সালেক, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী ডায়াবেটিস রোগিদের মাঝে তাদের প্রয়োজনীয় গ্লুকোমিটার বিতরণের উদ্যোগ নেয়ায় ইউপি চেয়ারম্যান এম এ হানিফকে ধন্যবাদ জানান।

