নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার : আটক-১

নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে  অটোরিকশা চালক মো. মুরাদ হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহ সজিব নামে এক যুবককে আটক করা হয় । শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আধার মানিক গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই অটোরিকশা চালক মুরাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।নিহত মুরাদ দক্ষিণ আধার মানিক গ্রামের মনু মিয়ার বাড়ীর আজাদ হোসেনের ছেলে। সে পেশায় ইট ভাটার শ্রমিক হলেও  মাঝে মধ্যে তার বাবার অটোরিকশা চালাতো।পুলিশ ও স্থানীয়রা জানান, , গত ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মুরাদ অটোরিকশাসহ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্নস্থানে খুঁজে তার সন্ধান মিলেনি। ৮ তারিখ দুপুরে তার প্রতিবেশী সজিব ও আবুল কালাম আজাদের নাম উল্লেখ করে নিখোঁজ মুরাদের মা মরিয়ম বেগম তার ছেলের সন্ধান চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এর পর তদন্তে নামে পুলিশের কয়েকটি টিম।পরে ৯ নভেম্বর লক্ষ্মীপুর সদর থানায় আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যক্তিকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে মুরাদের মা মরিয়ম বেগম।এদিকে (আজ) শনিবার দুপুরে মুরাদের বাড়ি থেকে ১ কিলোমিটার উত্তরে একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুরাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহত মুরাদের চাচা সেলিম মাঝি বলেন- মুরাদ গত মঙ্গলবার রাত থেকে অটোরিকশাসহ নিখোঁজ হয়। ওইরাতে মুরাদকে স্থানীয় আবুল কালাম আজাদ ওরফে আবু নামে এক ব্যক্তি মোবাইল ফোনে ডেকে নেয়। তখন মুরাদের সঙ্গে তার বন্ধু সজিবও উপস্থিত ছিল। ঘটনার পর থেকে মুরাদের বন্ধু সজিব গ্রামে থাকলেও আবুল কালাম আজাদ ওরফে আবু আত্নগোপনে চলে যায়।তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুসাইন ওমর ইবনে ভুলু বলেন, নিখোঁজের পরেরদিন বুধবার সকালে মুরাদের পরিবার আমার কাছে আসলে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেই। আজ বিকেলে মুরাদের মরদেহ একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন বলেন- নিখোঁজের পরেরদিন পরিবারের পক্ষ মুরাদের নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর থেকে আমাদের বিভিন্ন টিম কাজ করছে। আজ দুপুরে নিখোঁজ মুরাদের মৃতদেহ একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে খবর দেয় গ্রামবাসী। ধারনা করা হচ্ছে অটোরিকশার জন্য ছিনতাইকারীরা মুরাদকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেয়। জড়িত সন্দেহ মুরাদের বন্ধু সজিবকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। প্রধান অভিযুক্ত আবুকে আটক করতে পুলিশ কাজ করছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ