সত্যকে নয় সমাজকে ডরাই

—সাজেদুল করিম দীনু
ভেতরে ঠিকই রাম জানতেন সীতা শতভাগ সতী
তবুও সমাজ সীতার সতীত্বে তোললো প্রশ্ন!
তাই অগ্নিকুন্ডে অগত্যা তাকে দাঁড়াতেই হলো
অগ্নিদেবের সাহায্যার্থে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেন
আবার সমাজ বাদ সাধলো
এখানে প্রেম ও মানবতা কাঁদলো!
ভাগ্যক্রমে তীর্থ থেকে ফিরলো লালু
এখানেও প্রশ্ন! সে যে যবনের ঘরে অন্ন খেলো
এখানে তো জাত গেলো,ধম্ম গেলো
জাত ধম্মের যাঁতকলে –
একজন মা হারালো ছেলে, স্ত্রী হারালো স্বামী
এখানেও প্রেম ও মানবতা কাঁদলো!
ছোট কাল থেকে গানে অনুরাগ শাহ করিমের
গান চর্চার ফলে তাকে ঈদের নামায পড়তে দেয়নি সমাজ
বরং গ্রাম থেকে তারে বিতাড়িত করেই ছাড়লো
কিছুদিন পর মারা যান স্ত্রী সরলা খাতুন। স্বামীর অপরাধে
স্ত্রীর জানাযা পড়াতে অস্বীকৃতি জানালেন ইমাম সাহেব
আবারো ধর্মের নামে প্রেম ও মানবতা কাঁদলো।
আমি সত্যকে ভয় পাই না। কখনোই না। পাবোই বা কেনো?
আমি তো জানি সত্য সদাই সূর্যালোকের মতো
সাদাকে সাদাই শেখায় কালোকে কালো
আর আমরা সমাজপতিরা অর্থে স্বার্থে ক্ষুন্ন হলেই
কালোকে সাদা বানাই সাদাকে কালো
এজন্য সমাজপতিদের ডরাই । বড্ড ডরাই।
ভেবে দেখো সত্যকে নয় মূলত মানুষ সমাজকেই ডরায়
সমাজ চাইলে তোমাকে উঠাবে পাগলের নায়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ