পিএসজির দোকানে পাওয়া যাচ্ছে না এমবাপ্পের জার্সি

২০১৮ বিশ্বকাপের পর একবার চমকে দিয়েছিল পিএসজির আউটলেটগুলো। আগের মৌসুমেই বিশ্বরেকর্ড গড়ে আনা হয়েছে নেইমারকে। তাঁকে ঘিরেই সব পরিকল্পনা তাদের। অথচ আউটলেটগুলোতে হঠাৎ করে পাত্তা দেওয়া হচ্ছিল না নেইমারকে। দোকানে ঢুকলে স্বাগত জানাচ্ছিল কিলিয়ান এমবাপ্পের কাট-আউট। জার্সির সারিতেও প্রথমে ছিল এমবাপ্পের জার্সি। আড়ালে পাঠিয়ে দেওয়া হয় নেইমারকে।

সদ্য বিশ্বকাপ জেতা এমবাপ্পেকে ঘিরে যে তখন উন্মাদনা, সেটা বুঝেই এ কাজ করেছিল পিএসজি। ফ্রান্সের বিশ্বকাপজয়ীকে ঘিরে কিছুদিন তাই তাদের উচ্ছ্বাস দেখা গিয়েছিল বেশি। আজ নতুন এক ঘটনায় সে ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে পিএসজি। প্যারিসে পিএসজির সবচেয়ে বড় দুটি দোকানেই পাওয়া যাচ্ছে না এমবাপ্পের জার্সি।

কাল জোড়া গোল করেছেন এমবাপ্পে

কাল জোড়া গোল করেছেন এমবাপ্পে
ছবি: রয়টার্স

গতকাল মেসির পিএসজি-অভিষেকের মধ্যেও নিজেকে আড়ালে যেতে দেননি এমবাপ্পে। দলকে জেতাতে দুই গোল করেছেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তা–ও এমন একসময়, যখন আর কখনো তাঁকে পিএসজির জার্সিতে দেখা যাবে কি না, সে আলোচনা ভালোভাবেই চলছে। ইউরোপিয়ান ফুটবলের দলবদল শেষ হবে আগামীকাল, এখনো এমবাপ্পের ভবিষ্যৎ কুয়াশার আড়ালে। তাঁকে কেনার জন্য এরই মধ্যে দুবার প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

গত মঙ্গলবার ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। সে প্রস্তাব পিএসজির কাছে অনৈতিক ও অগ্রহণযোগ্য মনে হয়েছে। তবে এসব জানানোর পথেই পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো স্বীকার করেছেন, এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়ালে যেতে চান। সঠিক প্রস্তাব পেলেই তাঁরা এমবাপ্পেকে ছেড়ে দেবেন।

পিএসজি ছাড়তে চান এমবাপ্পে

পিএসজি ছাড়তে চান এমবাপ্পে
ছবি: রয়টার্স

সে আলোচনার পর দু-এক দিন চুপ থেকে রিয়াল আবার নতুন প্রস্তাব দিয়েছে। এবারের প্রস্তাবে ১৭ কোটি ইউরোর সঙ্গে শর্তসাপেক্ষে আরও ১ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে তারা। আর ছয় মাস পরই যাঁকে দলে টেনে রাখার কাজ সেরে নেওয়া যায়, তাঁর জন্য অঙ্কটা অনেক বেশি বলেই মনে করছেন সবাই। কিন্তু পিএসজির মন গলেনি এখনো। স্পেন ও ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো দাবি তুলেছে আজ আবার দুই ক্লাবের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে এবার একেবারে ২০ কোটি ইউরোর প্রস্তাবই দিতে যাচ্ছে এমবাপ্পে।

ফলে কাল জোড়া গোলের পরও এমবাপ্পে পিএসজিতেই এই মৌসুম কাটাবেন, এ কথা জোর দিয়ে বলার উপায় নেই। ওদিকে রিয়ালের ২০ কোটি ইউরোর চেয়ে এমবাপ্পেকে ধরে রেখে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য স্কোয়াড ধরে রাখাটাই বেশি গুরুত্ব পেতে পারে পিএসজির কাছে। এই নাটকের শেষ কালকের আগে হচ্ছে না। এই অবস্থায় অনিশ্চয়তায় পড়েছেন পিএসজির আউটলেটের বিক্রেতারাও।

এমবাপ্পেকে পেতে আগ্রহী রিয়াল

এমবাপ্পেকে পেতে আগ্রহী রিয়াল
ছবি: রয়টার্স

স্প্যানিশ সংবাদ এএস প্যারিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আউটলেটে ঘুরে দেখেছে। একটি স্টেডিয়ামে, আরেকটি শঁজ-এলিজে। পার্ক দে প্রিন্সেসে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। তবে অন্য দোকানে সমর্থকেরা সবাই পণ করে এসেছেন মেসির জার্সি না কিনে তাঁরা দোকান ছাড়বেন না।

এর মধ্যেই এএসের সাংবাদিক জিজ্ঞেস করেছেন, এমবাপ্পের জার্সি আছে কি না। এমন প্রশ্নে বিভ্রান্ত দেখা গেছে দোকানের কর্মীদের। জার্সি বিক্রি একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। তবে সে জার্সি পেতে হলে আপনাকে অনুরোধ করতে হবে। স্ক্রিন প্রিন্টিং করে নিয়ে আসা হবে এমবাপ্পের জার্সি। কিন্তু আউটলেটে এমনিতে পাওয়া যাচ্ছে না সে জার্সি। এর মধ্যে তো এক আউটলেটে কর্মী স্ক্রিন প্রিন্টিং করেও পাওয়া যাবে কি না, সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করার পর জানাতে পেরেছেন, আজ পর্যন্ত প্রিন্টিং করে জার্সি আনা সম্ভব। অর্থাৎ আগামীকাল পাওয়া যাবে কি না, এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই!

কে জানে, আগামী কয়েক ঘণ্টাতেই হয়তো সব অনিশ্চয়তা দূর হবে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries