কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে করোনার টিকাদান শুরু

কক্সবাজারের মধুরছড়া রোহিঙ্গা শিবিরে ছয় দিনব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৬৬ বছরের একজন রোহিঙ্গা নারীকে টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম ধাপে এ কর্মসূচির আওতায় উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরের পঞ্চাশোর্ধ্ব বয়সীদের টিকা দেওয়া হবে। ইতিমধ্যে টিকার জন্য ৪৮ হাজার ২০০ জনের অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।

আজ সকালে মধুরছড়া রোহিঙ্গা শিবিরের গণস্বাস্থ্য জিকে হাসপাতালের সামনের টিকাকেন্দ্রে কয়েক শ রোহিঙ্গা নারী-পুরুষকে টিকার নিবন্ধন কার্ড হাতে অপেক্ষা করতে দেখা যায়। কার্ড প্রদর্শন করে টিকার জন্য তাঁরা কেন্দ্রের ভেতরে ঢুকছেন। মধুরছড়া ছাড়া কুতুপালং, লম্বাশিয়া, জুমছড়ি ও বালুখালী আশ্রয়শিবিরের টিকাকেন্দ্রগুলোতে উৎসাহ নিয়ে টিকা নিতে এসেছেন শত শত রোহিঙ্গা নারী–পুরুষ।

কুতুপালং শিবিরের বাসিন্দা আবদুল গফুর (৫০) টিকার নিবন্ধনের কার্ড প্রদর্শন করে বলেন, ‘অনেক দিন ধরে টিকার জন্য অপেক্ষায় ছিলাম। একটু পর টিকা নিতে পারব। খুব আনন্দ লাগছে।’
বালুখালী আশ্রয়শিবিরের বাসিন্দা নবী হোসেন (৬২) জানান, সকাল সাড়ে ১০টায় তিনি ও তাঁর স্ত্রী টিকা নিয়েছেন। কিন্তু তাঁদের সন্তানদের বয়স ৫০ বছরের কম হওয়ায় তাঁরা টিকা নিতে পারছেন না। দ্বিতীয় ধাপে ১৮ বছরের বেশি সব রোহিঙ্গাকে টিকার আওতায় আনার জন্য অনুরোধ করেন তিনি।

মধুরছড়া রোহিঙ্গা শিবিরে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছু–দ্দৌজাসহ টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

এ কর্মসূচির প্রথম ধাপে ৪৮ হাজার ৬০০ জনকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে ৪৫ হাজার ২০০ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাপক উৎসাহ নিয়ে রোহিঙ্গা শরণার্থীরা টিকাকেন্দ্রে এসেছেন। বেলা ২টা পর্যন্ত উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে স্থাপিত ৫৮টি পৃথক টিকাকেন্দ্রে প্রায় ৪ হাজার ৭০০ জনকে টিকা দেওয়া হয়েছে। বিকেল চারটা পর্যন্ত টিকাদান চলবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহযোগিতায় রোহিঙ্গা শিবিরে করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়।

আরআরআরসি কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী আবু তোহা এম আর এইচ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টায় উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির প্রথম ধাপে ৪৮ হাজার ৬০০ জনকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে ৪৫ হাজার ২০০ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে আজ আট হাজার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মানুষের উপস্থিতি ও আবহাওয়ার ওপর এটা নির্ভর করছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি হলে অনেকে পাহাড় থেকে নেমে টিকাদানকেন্দ্রে আসতে চাইবেন না বলে জানান তিনি।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries