টাইলসের গুঁড়া, বালু ও অ্যাসিড দিয়ে সার তৈরি!

যশোর সদর উপজেলায় একটি কারখানায় কাঠ ও টাইলসের গুঁড়া, বালু, রং ও অ্যাসিড দিয়ে তৈরি করা হচ্ছিল টিএসপি (ট্রিপল সুপার ফসফেট), দস্তা সার ও কীটনাশক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে প্রায় ১০০ মেট্রিক টন ভেজাল সার ও কীটনাশক জব্দ করেন।

ভেজাল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক সোহানুর রহমান ওরফে শিহাবকে (২৪) ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন।যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যশোর সদরের ঘুরুলিয়ায় সানওভার অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামের ওই কারখানায় নকল টিএসপি, দস্তার সার ও কীটনাশক তৈরি এবং বিপণন করা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।

সন্ধ্যা সাতটার দিকে অভিযান শেষ হয়। এ সময় আদালত দেখতে পান, সেখানে কাঠ ও টাইলসের গুঁড়া, সিলেট স্যান্ড, রং ও অ্যাসিড দিয়ে নকল টিএসপি, দস্তা সার ও কীটনাশক ফুরাডান তৈরি করা হচ্ছে।

ইউএনও এস এম মুনিম বলেন, এসব সার ও কীটনাশক জমি ও ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ সময় কারখানার মালিক সোহানুর রহমানকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাত সাড়ে নয়টায় অভিযানে থাকা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন বলেন, এখন পর্যন্ত ওই কারখানা থেকে প্রায় ১০০ টন নকল টিএসপি, দস্তা সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। জব্দতালিকা তৈরির কাজ চলছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব মালামাল এখান থেকে সরিয়ে বিনষ্ট করা হবে। কারখানা সিলগালা করে দেওয়া হবে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries