আবার পেছাল এফসিপিএস পরীক্ষা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে কঠোর বিধিনিষেধের কারণে এফসিপিএস পরীক্ষা আবারও এক মাসের জন্য পেছানো হয়েছে। সম্ভাব্য নতুন তারিখ আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সারা দেশে কঠোর বিধিনিষেধের বিরাজমান থাকায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) জুলাই-২০২১ সেশনের পরীক্ষা শুরুর তারিখ ১ আগস্ট-২০২১–এর পরিবর্তে নতুন সম্ভাব্য তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ নির্ধারণ করা হলো। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে জানানো হবে। কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার নির্ধারিত নতুন তারিখ পরিবর্তনযোগ্য।’
এর আগে সারা দেশে কঠোর বিধিনিষেধের কারণে গত ২৬ জুন এফসিপিএস পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করে বিসিপিএস। কলেজের কাউন্সিলর মিটিংয়ে সিদ্ধান্ত হয়, পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে অর্থাৎ পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে ১ আগস্ট পরীক্ষা নেওয়া হবে।

