করোনায় প্রাণ দিলেন পুলিশের আরো একজন

করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের সদস্য নিরোদ চন্দ্র মণ্ডল (৫২) মারা গেছেন। তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের আইজি মিডিয়া সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরোদ চন্দ্র মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী জোনের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। করোনা পজেটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার দুপুরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিরোদ চন্দ্র মণ্ডলের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর সৎকার সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান করোনাকালে জনগণের সুরক্ষা নি‌শ্চিত কর‌তে গি‌য়ে এ যাবত বাংলাদেশ পুলিশে কর্মরত ১৬ জন জীবন দান করলেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত সারা দেশে মোট পাঁচ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছে। এর ভেতরে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য এক হাজার ৭০৬ জন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ