হাওর মানেই নৌকার জয়
কিশোরগঞ্জ নিউজ
হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জ। হাওরের উথাল-পাতাল ঢেউয়ের মতোই সংগ্রামী হাওরের মানুষের যাপিত জীবন। হাওরপাড়ের অধিকাংশ মানুষের জীবিকা বোরো ফসল কেন্দ্রীক। পাশাপাশি মিঠা পানির মাছের ভা-ার হাওর। ধান আর মাছ সমৃদ্ধ করেছে হাওরবাসীর জীবন। যদিও এই অঞ্চলের মানুষের চোখে আজ নতুন স্বপ্ন। বহুল আলোচিত ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার রোড যেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে হাওরের দিন বদলের চাবি নিয়ে। হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে কিশোরগঞ্জ-৪ আসন। মোট ভোটার ৩ লাখ ২০ হাজার ২৩৬ জন। এ আসনের নির্বাচনী হিসেব বলছে, হাওর মানেই নৌকার জয়। স্বাধীনতাপূর্ব সময় থেকে এই আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে পারেননি এখানকার ভোটাররা। ১৯৭৯ সালের নির্বাচনে একবারই মাত্র আসনটি বিএনপি প্রার্থী পেলেও আর কখনো এ আসনে নৌকার জয় ঠেকাতে পারেননি কেউ। আসছে নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে এ অঞ্চলে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নিজেদের ‘দুর্গ’ হিসেবে পরিচিত আসনটিতে আগামী নির্বাচনেও জয় চান মতাসীন দলের নেতারা। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী অন্যতম বড় দল বিএনপি। এ অবস্থায়, আসনটিতে সরব হয়ে উঠছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সক্রিয় হচ্ছে প্রাক-নির্বাচনী কার্যক্রমে।

