এ কেমন শত্রুতা!
খাইরুল মোমেন স্বপন
প্রতিহিংসার শিকার হলো এবার কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের একটি লাউ বাগান। বুধবার সকালে এলাকাবাসি বাগানটির কর্তনকৃত গাছ দেখতে পায়। এমন প্রথম ঘটনায় এলাকায় বিরাজ করছে শঙ্কা। জানা যায়, নিকলী উপজেলা সদরের পুকুরপাড় গ্রামের হরমুজ আলীর পুত্র মফিজ মিয়া (৬০) স্থানীয় একটি জমিতে সারমুক্ত মওসুম ভিত্তিক আগাম সব্জি চাষ করে। মাসাধিক পূর্বে জমিটিতে লাউ বাগান করে মফিজ মিয়া। ভালো ফলতেও শুরু করে। মঙ্গলবার রাতের কোন এক সময় কে বা কারা বাগানটির প্রায় ৫০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। মফিজ মিয়া জানান, আমার জানা মতে কোন শত্রু নাই। কে বা কারা করতে পারে এমন ধারণাও নাই। তাই কোথাও কোন অভিযোগও দেইনি। এলাকাবাসি অনেকের ধারণা, এলাকায় মাদকের যত্রতত্র ব্যবহার হচ্ছে। উঠতি বয়সি মাদকসেবিদের কান্ডও হতে পারে।

