ব্রহ্মপুত্র নদের বুকে ফসলের চাষ
মুহাম্মদ কাইসার হামিদ
নাব্যতা হারিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালী নদী,ঝিরা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান শুকিয়ে এখন ফসলের আবাদ ভূমিতে পরিণত হয়েছে। এক সময়ের খরস্রোতা পুরাতন ব্রহ্মপুত্র নদ, ঝিরা ও কালী নদীতে শোভা পেত লঞ্চ, স্টিমার সহ নানা পালতোলা নৌকা। কালের পরিবর্তনে এখন সেখানে শোভা পাচ্ছে ধানী জমি সহ নানা সব্জি ও আবাদি ফসল। নাব্যতা সংকটের ফলে কুলিয়ারচরে নদ-নদী এখন বিভিন্ন স্থানে মরাখালে পরিণত হয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় স্থানীয় কৃষকেরা নদীর দু’কূলে বিভিন্ন সময় বিভিন্ন ফসলের আবাদ করছে। বিষাক্ত বর্জ্য, রাসায়নিক পদার্থ পানিতে মিশে যাওয়ায় নদীতে আগের মত মাছ পাওয়া যাচ্ছে না। যার ফলে অনেক জেলেই এখন কর্মহীন জীবন কাটাচ্ছে । নদীর বুকে আবাদি ফসলের চাষ সম্পর্কে কুলিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন বলেন, নাব্যতা না থাকায় এসব নদ-নদীর অনেক স্থান শুকিয়ে যাচ্ছে। ফলে স্থানীয়রা নদীর তীরবর্তী এলাকায় নানা ফসলের আবাদ করছে।

