আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবে ভিখারীনী অনুফা বেগম
মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনুফা বেগম (৮০) নামে এক বৃদ্ধা ভিজিএফ, বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা পাচ্ছে না। তাই জীবন সংগ্রামে টিকে থাকতে বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি। সে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত সেকান্দার আলীর স্ত্রী। ভিখারিনী অনুফা বেগম বর্তমানে যে ঘরটিতে বসত করছে তাও তার নিজের নয়।
ভাইপোর দানে আশ্রিত একটি বসতভিটা কপালে জুটলেও কোন কোন দিন অনাহারে থাকতে হয় সন্তানহীন এই বিধবা মহিলার। সরকারী কোন প্রকার ভাতা জোটছেনা তার ভাগ্যে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা ভিজিএফ সুবিধা কেন পাচ্ছে না তা জানতে চাইলে অনুফা বেগম বলেন, হাজার হাজার টাকা ঘুষ দিতে পারিনা সে কারণে বয়স্ক ভাতাও জোটেনা।
বিষয়টি নিয়ে কথা হয় স্থানীয় ইউপি সদস্য মোঃ আলম মিয়ার সাথে। তিনি বলেন,বিষয়টি আমার জানা ছিলনা। এখন জেনেছি, বয়স্ক ভাতা পেতে ওই বৃদ্ধ মহিলার কিছুটা সময় লাগবে।
এ ব্যাপারে কথা হয়, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিছবাহুল ইসলামের সাথে। তিনি বলেন, বৃদ্ধা মহিলা স্থানীয় মেম্বারকে নিয়ে ইউনিয়ন পরিষদে এলে আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবো।

