টেলিভিশনে ‘সালমান শাহ উৎসব’
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। মাত্র তিন বছর ছবি করার সময় পেয়েছিলেন তিনি। এই সময়ের মধ্যেই তুুমুল জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয় করেছেন ২৭টি ছবিতে। ছবিগুলোর অধিকাংশই ব্যবসায়িকভাবে সফল। এ প্রজন্মের ঢাকাই চলচ্চিত্রের প্রায় সব নায়কই তাকে আইকন হিসেবে সামনে রাখেন।
বাংলা চলচ্চিত্রের একজন স্টাইলিশ হিরো ছিলেন এ নায়ক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আচমকাই না ফেরার দেশে পাড়ি জমান। সালমান শাহ চলে যাওয়ার পর তাকে ঘিরে ভক্তদের মনে বিষাদ তৈরি হয়, সেটা আজও রয়েছে। তার কোটি কোটি ভক্ত আজও তাকে স্মরণ করেন। এক সময়ের পর্দা কাপানো প্রয়াত এ নায়ককে নিয়েই ঈদে অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব’।
প্রিয় এ নায়কের প্রয়াণ দিবস ৬ সেপ্টেম্বর। এ প্রয়াণ দিবসকে সামনে রেখেই এই আয়োজন করছে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। উৎসবের আওতায় চ্যানেলটির ঈদ আয়োজনে প্রচার হবে সালমান শাহ অভিনীত ৮টি ছবি।
ঈদের দিন সকাল ১০টায় প্রচার হবে ‘মহামিলন’এবং দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। এরপর ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টায় প্রচার হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’,‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’,‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’ ছবিগুলো।
এই বিষয়ে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, যেহেতু বাংলা সিনেমায় সালমান শাহ অসম্ভব জনপ্রিয় একজন নায়ক।আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই দর্শকদের জন্য এই উৎসব করছি। সালমানের প্রায় প্রতিটি ছবিই দর্শকপ্রিয়তা লাভ করেছিল। গত ২২ বছরে অনেক নতুন দর্শক তৈরি হয়েছে, যারা সালমানের নাম শুনেছেন কিন্তু তার সবগুলো সিনেমা দেখা হয়ে ওঠেনি। তাদের কথা মাথায় রেখেই এ উৎসবের আয়োজন করছি আমরা।

